বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী এলাকায় জ্বালানী তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টা ৫০ মিনিটে ভূল্লী থানাধীন মেসার্স আলহাজ্ব মনসুর আলী ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত নিয়ম উপেক্ষা করে ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ (সংশোধন) আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
আরও পড়ুন :
ঠাকুরগাঁওয়ে গাঁজাসহ যুবদল নেতা জুয়েল রানাসহ আটক ২
অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে জ্বালানী তেল বিক্রয়ে সরকারি নির্দেশনা ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা, জ্বালানী তেল বিপণনে স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
সুজন/ হাফিজ/ আয়না নিউজ