বিশেষ প্রতিনিধি, Hafizur Rahman।।
এবার ঈদুল আজহায় দেশে কোরবানিযোগ্য পশুর কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এবার চাহিদার তুলনায় বেশি পরিমাণ গরু, ছাগল ও ভেড়া দেশে প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রায় এক কোটি কোরবানিযোগ্য পশু ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। দেশীয় খামারিদের উৎপাদিত পশু দিয়েই এবারের কোরবানি সম্পন্ন করা সম্ভব হবে, তাই বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন হবে না।
তিনি আরও বলেন, সীমান্ত পথে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি চোরাচালানের মাধ্যমে কোনো পশু যেন দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সীমান্ত এলাকার জনগণকেও সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন :
চীনের বিনিয়োগ বাড়লে অর্থনীতি আরও শক্তিশালী হবে: বাণিজ্যমন্ত্রী
সরকারের কৃষিবান্ধব নীতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, কৃষকের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। এ সময় তিনি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি উদ্যোগের কথাও উল্লেখ করেন।
এছাড়া কম খরচে গবাদিপশু পালন নিশ্চিত করা এবং উন্নত জাতের ঘাস উৎপাদন বাড়াতে গবেষণা কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ড. শাকিলা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ সাভার-আশুলিয়া আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং মো. দেলোয়ার হোসেন।
হাফিজ/ আয়না নিউজ