বিশেষ প্রতিনিধি, nipon।।
ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিজ দেশে নিরাপত্তাহীনতা বা নিপীড়নের শঙ্কা স্বীকার করা বিদেশিদের ভিসা আবেদন সরাসরি বাতিল করা হবে বলে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। ‘আপনি কি আপনার নিজ দেশ বা শেষ অভ্যাসগত আবাসস্থলে কোনো ক্ষতি বা দুর্ব্যবহারের শিকার হয়েছেন?’ আর ‘আপনি কি আপনার নিজ দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো ক্ষতি বা দুর্ব্যবহারের ভয় পান?’
আরও পড়ুন-
অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত নিহত ২
ভিসা প্রক্রিয়া চালিয়ে যেতে আবেদনকারী উভয় প্রশ্নের উত্তর মৌখিকভাবে “হ্যাঁ” বললে বা উত্তর দিতে অস্বীকৃতি জানালে তাকে ভিসা দেওয়া হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এছাড়া কেউ ভিসা পাওয়ার জন্য তথ্য গোপন করে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করলে তাকে ‘ভিসা জালিয়াতি’র অভিযোগে অভিযুক্ত করে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকিও তৈরি হতে পারে।
একটি ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনের সীমান্তসংক্রান্ত কঠোর নীতির বিরুদ্ধে রায় দেওয়ার পরই নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে।‘রিফিউজিস ইন্টারন্যাশনাল’-এর প্রেসিডেন্ট জেরেমি কোনিডিক একে নিপীড়িত মানুষের প্রতি যুক্তরাষ্ট্রের “বিশ্বাসঘাতকতা” বলে মন্তব্য করেছেন।
তবে স্টেট ডিপার্টমেন্টের দাবি, মার্কিন ভিসা কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুবিধা। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের কঠোর স্ক্রিনিং ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন এই নীতির ফলে সাংবাদিক, রাজনৈতিক কর্মী, সংখ্যালঘু গোষ্ঠী ও নির্যাতনের শিকার বহু মানুষ যুক্তরাষ্ট্রে আশ্রয়ের সুযোগ হারাতে পারেন বলে আশঙ্কা বিশ্লেষকদের
এফএ/আয়না