বিশেষ প্রতিনিধি, nipon।।
বরগুনার পাথরঘাটা উপজেলার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ১ হাজার ২৬০ লিটার বিভিন্ন ধরনের জ্বালানি তেল উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন,বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন, পাথরঘাটা স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট মো.আবুল কাশেম।
শনিবার (২৫ এপ্রিল) রাতে পাথরঘাটা উপজেলার মাছের খাল বাজার সংলগ্ন এলাকায় সাইফুল স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন সূত্রে জানা যায়, বিভিন্ন এলাকার অসাধু ব্যবসায়ীরা কৃত্রিমভাবে জ্বালানির সংকট তৈরি করে মজুতসহ অতিরিক্ত দামে বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২৬০ লিটার জ্বালানি তেল উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৫৮ হাজার ৯০০ টাকা।
আরও পড়ুন-
বেশি দামে ডিজেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বৈধ কাগজপত্র ব্যতিত অবৈধভাবে জ্বালানি তেল পেট্রোল, অকটে ও ডিজেল মজুত এবং বিক্রি করার দায়ে ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা এবং উদ্ধারকৃত জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশনা প্রদান করেন।
এফএ/ আয়না