ভয়াবহ আগুনে পুড়ছে নীলফামারীর সৈয়দপুর শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। আজ দুপুর ১টায় শহরের শহীদ ডা: জিকরুল হক রোডে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয় সংলগ্ন একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হামিদুর রহমান জানিয়েছেন, নীলফামারী ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তুলার দোকান হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়লে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। ভেতরে আটকা পড়া কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।