| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজার-এ এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণ: দগ্ধ ১৬

  • আপডেট টাইম: 26-02-2026 ইং
  • 176814 বার পঠিত
কক্সবাজার-এ এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণ: দগ্ধ ১৬

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত ৭ জনকে চট্টগ্রাম এবং আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে ‘এন আলম’ নামের নতুন নির্মিত ফিলিং স্টেশন থেকে গ্যাস লিকেজ শুরু হয় বলে জানা গেছে। প্রায় তিন ঘণ্টা ধরে গ্যাস ছড়িয়ে পড়ার পর রাত ১০টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ১৪ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন গ্যাস ট্যাংকের গ্যাস সম্পূর্ণ নিঃশেষ হলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় ফিলিং স্টেশনটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি আশপাশের অন্তত ১০টি বসতবাড়ি ও ২০-২৫টি পর্যটকবাহী জিপ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ জানান, ফিলিং স্টেশনটির কোনো অনুমোদন ছিল না। গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা তৌহিদুল ইসলাম বলেন, “গ্যাসের তীব্র গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বিস্ফোরণের পর আগুন দ্রুত পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।” স্টেশনটির আশপাশের আদর্শগ্রাম, চন্দ্রিমা হাউজিং ও জেলখানা এলাকায় প্রায় ২০ হাজার মানুষের বসবাস।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সবুকতাগিন মাহমুদ সোহেল জানান, আহতদের মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ছমি উদ্দিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার তদন্তে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪