চট্টগ্রামের হালিশহর এলাকায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে মা-ছেলেসহ ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ৭ জন রাজধানীর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মৃতরা হলেন নুরজাহান বেগম ও তার ১৭ বছর বয়সী ছেলে শাওন। গতকাল বিকাল ৫টার দিকে ঢাকায় নেওয়ার পথে নুরজাহান বেগমের মৃত্যু হয়। পরে রাত ১টার দিকে তার মরদেহ চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় বাবার বাড়িতে নেওয়া হয় এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাওন। স্বজনরা জানিয়েছেন, তাকে কুমিল্লায় তার দাদার বাড়িতে দাফন করা হবে।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে হালিশহর এলাকায় ‘হালিমা মঞ্জিল’ নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না। তবে চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে গ্যাস জমে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।