নীলফামারীর সৈয়দপুরে আসামি ধরতে গিয়ে ভুয়া পুলিশ সন্দেহে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জিকরুল হক রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পিবিআই পরিচয়ে কয়েকজন সদস্য নারায়ণগঞ্জ থেকে এসে সৈয়দপুর থানাধীন এলাকায় মহসিন নামে এক ব্যক্তিকে আটক করেন। এ সময় আটক ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করে ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশের গাড়িটি অবরুদ্ধ করে।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা গাড়িতে থাকা পিবিআই সদস্যদের মারধর করে এবং সাদা রঙের মাইক্রোবাসটি ভাঙচুর করে। এই সুযোগে আটক আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, নারায়ণগঞ্জ থেকে পিবিআইয়ের একটি দল মহসিন নামে এক আসামিকে আটক করেছিল। তিনি ভুয়া পুলিশ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ভুল বুঝে পুলিশের ওপর হামলা চালায়। এতে চালকসহ দুইজন পিবিআই সদস্য আহত হন।
খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পিবিআই সদস্যদের উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।