| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে ৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম: 14-01-2026 ইং
  • 219085 বার পঠিত
রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে ৬ জনের মৃত্যু

রংপুরে হোমিওপ্যাথিক ওষুধালয় থেকে সংগৃহীত রেকটিফায়েড স্পিরিট এলকোহল পান করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে জেলায় মোট ছয়জনের মৃত্যু হলো। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

সর্বশেষ নিহতরা হলেন, বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল মালেক এবং রংপুর সদর উপজেলার শ্যামপুর বন্দর কলেজ পাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে আব্দুল মালেকের মরদেহ নিজ বাড়ি থেকে এবং রাশেদুল ইসলামের মরদেহ তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত রোববার (১১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে বদরগঞ্জ উপজেলার শ্যামপুরহাট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীনের বাড়িতে রেকটিফায়েড স্পিরিট এলকোহল পান করেন কয়েকজন। এতে ঘটনাস্থলেই মারা যান বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন, পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল মিয়া এবং রংপুর সদর উপজেলার সাহাপুর গ্রামের জেন্নাদ আলি (৩৫)। একই ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হন।

এ ছাড়া একই ধরনের আরেক ঘটনায় নগরীর হাজিরহাট থানার বালারবাজার এলাকায় এলকোহল পান করে অসুস্থ হন সদর কোতয়ালী থানার শিবের বাজার পশ্চিম হিন্দুপাড়ার মৃত অনিল চন্দ্র রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (৬০)। তিনি মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রংপুর মহানগর পুলিশের হাজিরহাট থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আজাদ রহমান জানান, এ ঘটনায় মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে। বদরগঞ্জ ও হাজিরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ১০ বোতল রেকটিফায়েড স্পিরিট উদ্ধার করা হয়েছে।

রংপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, “স্থানীয় এক শ্রেণির হোমিওপ্যাথিক চেম্বার থেকে রেকটিফায়েড স্পিরিট সংগ্রহ করে মাদক ব্যবসায়ীরা। ইতোমধ্যে নগরীর একটি হোমিওপ্যাথিক চেম্বারে গোয়েন্দা পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়েছে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪