রবিবার (১১ জানুয়ারি) সকালে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদবেষ্টিত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকা থেকে আহত অবস্থায় একটি ময়ূর উদ্ধার করা হয়। ধারনা করা হয় খাবারের সন্ধানে ভুট্টাক্ষেতে এসে ক্ষেতের বেড়ার জালে আটকা পড়ে পাখিটি। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বন বিভাগের কর্মকর্তাদের কাছে আহত অবস্থায় পাখিটিকে হস্তান্তর করে স্থানীয়রা।
গতকাল শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান স্থানীয়রা। এ সময় ময়ূরটিকে তারা ধরার চেষ্টা করলে পাখিটি ভুট্টাক্ষেতের জালে আটকা পড়লে ওই এলাকার বাসিন্দা সাদ্দাম ময়ূরটিকে আহত অবস্থায় ধরে নিজ বাড়িতে রাখেন।
প্রায় চার কেজি ওজনের ময়ূরটির বাঁ পায়ে ক্ষত রয়েছে এবং পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উলিপুর উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, উদ্ধার করা ময়ূরটিকে পরবর্তী চিকিৎসা ও সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।