| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় নৌ সদস্যসহ নিহত ৩

  • আপডেট টাইম: 09-01-2026 ইং
  • 225686 বার পঠিত
মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় নৌ সদস্যসহ নিহত ৩

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নৌবাহিনীর এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নুর আলমের ছেলে নাফিজ আহমেদ অয়ন (১৮), চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার মৃত নয়া ব্যাপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)। নিহত নাফিজ আহমেদ অয়ন বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্য ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে মহাসড়কের ওপর একটি গাছবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই লেনে ঢাকামুখী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪