| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে রেজিস্ট্রি অফিসে আগুন, ৩০০ বছরের পুরনো নথি নষ্ট

  • আপডেট টাইম: 02-01-2026 ইং
  • 228287 বার পঠিত
যশোরে রেজিস্ট্রি অফিসে আগুন, ৩০০ বছরের পুরনো নথি নষ্ট

যশোর জেলা রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ রেকর্ডরুম থেকে ধোঁয়া ও আগুন দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে রেকর্ডরুমে সংরক্ষিত প্রায় তিনশ বছরের পুরনো গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে তিনি জানান।

ঘটনাস্থলে উপস্থিত শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার শামসুজ্জামান মিলন জানান, তিনি আগে যশোর জেলা রেজিস্ট্রি অফিসে কর্মরত ছিলেন। ওই রেকর্ডরুমে ১৭৪১ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত যশোর ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ দলিল, ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বহু ঐতিহাসিক কাগজপত্র সংরক্ষিত ছিল।

তিনি আরও জানান, খুব জরুরি প্রয়োজন ছাড়া রেকর্ডরুমের দরজা খোলা হতো না। আগুনের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে দেখেন পুরোনো কাগজপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কাগজ অবশিষ্ট থাকলেও সেগুলো আগুন নেভানোর পানিতে নষ্ট হয়ে গেছে।

এদিকে আগুনের খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন যশোর দলিল লেখক সমিতির সভাপতি সোহরাব হোসেন। তিনি জানান, ভবনের প্রধান ফটকে সবসময় তালা দেওয়া থাকে এবং সেখানে হিরা নামে একজন নৈশ প্রহরী দায়িত্বে থাকার কথা। তবে আগুন লাগার সময় ওই নৈশ প্রহরীকে সেখানে পাওয়া যায়নি।

রেজিস্ট্রি অফিসের একটি সূত্র জানায়, আগুন লাগার ঘটনাটি রহস্যজনক। ভবনের ভেতরে কোনো বৈদ্যুতিক সংযোগ না থাকায় শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। সূত্রের দাবি, পরিকল্পিতভাবে আগুন লাগানো হতে পারে।

ওই সূত্র আরও জানায়, নৈশ প্রহরী হিরা এবং সাইফুল ও মিলন নামে আরও দুই কর্মীর আচরণ সন্দেহজনক। পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪