মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে পর্দায় এসে ৫১ বছর বয়সে ৩৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনে লাইট, ক্যামেরা আর অ্যাকশনের চেনা শব্দগুলোই ছিল যার নিত্যসঙ্গী।
মালয়েশিয়ার একটি স্টেডিয়ামে তার চলচিত্র কেরিয়ারের শেষ সিনেমা ‘জানা নায়গান’ মুক্তির অনুষ্ঠানে সিনেমা ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে ঘোষণা করলেন- এটিই তার ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র।
সিনেপ্রেমী ভক্তদের থেকে যে ভালোবাসা পেয়েছেন অভিনেতা, সেটার স্বীকার করে তিনি বলেন , ‘ভক্তদের অকুণ্ঠ ভালোবাসাই ছিল আমার এগিয়ে চলার শক্তি। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আজ এই অবস্থানে পৌঁছেছি তাদের কাছে কৃতজ্ঞ ও চিরঋণী ।
ঋণ শোধের অঙ্গীকার রেখে অভিনেতা বলেন, ‘আপনাদের ছাড়া আমি অসম্পূর্ণ। অভিনয়ের ৩৩ বছর আমি যাদের ভালোবাসা নিয়েছি, আগামী ৩৩ বছর আমি তাদের সেবায় কাজ করে যাব; বাকি জীবন ভক্তদের এই ঋণ আমি শোধ করব।’ প্রিয় তারকার বিদায়ে ভক্তদের আবেগ ছিল বাঁধভাঙ্গা।
ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই রাজনীতিতে নাম লেখানো থালাপতি বিজয় গড়েন নিজস্ব দল তামিলাগা ভেটরি কাজাগম বা টিভিকে। ২০২৪ সালের অক্টোবরে দল ঘোষণার আট মাস পর প্রথম জনসভায় অংশ নেয়ায় টিভিকে নিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় আলচনা।
চেন্নাইয়ে জন্ম নেওয়া যোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ভালোবেসে ডাকেন থালাপতি অর্থাৎ সেনাপতি। একের পর এক হিট ছবির মাধ্যমে তিনি জয় করেছেন কোটি দর্শকের মন। মোটা অঙ্কের পারিশ্রমিক ও ঝলমলে ক্যারিয়ারকে পাশে সরিয়ে রেখে থালাপতি নেমেছেন রাজনীতির মাঠে।