জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য সাভারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণপূর্ত অধিদফতর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে নবীনগরের স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত বিভিন্ন ব্যানার ও পোস্টারে এলাকা ছেয়ে গেছে। তারেক রহমানের আগমনের জন্য স্মৃতিসৌধ এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি স্মৃতিসৌধের মূল ফটক বন্ধ করে জনসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলোকুর রহমান বলেন, “আমরা নেতার আগমনের অপেক্ষায় রয়েছি এবং তাকে স্বাগত জানাতে প্রস্তুত।” সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু জানান, দলের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার হোসেন আনু জানান, সকাল থেকেই পুরো এলাকা ঝেড়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং পুরো এলাকা নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।”
সকালে শীত উপেক্ষা করে সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে বিএনপির নেতাকর্মীরা স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে শুরু করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে।