দেশের গণতান্ত্রিক অগ্রগতি তারেক রহমানের হাত ধরে সম্ভব হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের রাজসিক প্রত্যাবর্তন এই বার্তাই বহন করে।
শুক্রবার ( ২৬ ডিসেম্বর ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করার আগে গণমাধ্যমকে ফখরুল এই মন্তব্য করেন।
দুপুর ২টার দিকে শেরেবাংলা নগরের শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এর আগে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান লন্ডন থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে বুলেটপ্রুফ বাসে করে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে পূর্বাচলের ৩০০ ফিট এলাকার মঞ্চে পৌঁছান তারেক রহমান। এ সময় রাস্তার দুই ধারে নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে। অনেকেই ১৭ বছর পর দেশে ফেরা তারেককে এক পলক দেখার জন্য বা প্রত্যাবর্তনের স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত হন।