| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

  • আপডেট টাইম: 26-12-2025 ইং
  • 235342 বার পঠিত
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে তীব্র শীত। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা, হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার থেকেই চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া শুরু হয়েছে। হাড়কাঁপানো এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে দিনমজুর, ভ্যানচালক ও শ্রমিকদের ঘর থেকে বের হতে হচ্ছে।

শহর ও গ্রাম উভয় এলাকাতেই শীতের তীব্রতায় স্থবিরতা নেমে এসেছে। অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ঘন কুয়াশার কারণে সকাল ১০টা পর্যন্তও অনেক সড়কে যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে। গ্রামের বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষ খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে শীতের দাপট কমেনি। আলমডাঙ্গার কৃষ্ণপুর গ্রামের চা ও মুদি দোকানি আসাদুজ্জামান বাবু বলেন, ভোরে দোকান খুলতে হয়, কিন্তু পানিতে হাত দিলেই অবশ হয়ে যায়। পেটের দায়ে দোকান খুললেও ঠান্ডার কারণে ক্রেতা অনেক কম।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ সকালে রেকর্ড করা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই চলতি মৌসুমের সর্বনিম্ন। বর্তমানে জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে আগামী কয়েক দিনেও শীতের তীব্রতা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪