দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা বেলা দুইটার দিকে ঢাকার শেরে-বাংলা নগরে অবস্থিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছান তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দরে তাকে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুও।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে মুঠোফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান।
পরে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান। এ সময় বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত সড়কের দুই পাশে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে। ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক নজর দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ রাস্তায় অবস্থান নেন, ফলে পুরো পথজুড়ে সৃষ্টি হয় জনসমাগমের দৃশ্য।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাতে তিনি রাজধানীর একটি হাসপাতালে গিয়ে তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান।