বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার দুপুরে দেশে পৌঁছেছেন। প্রায় দেড় যুগ পর দেশ প্রত্যাবর্তনের মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে তিনি প্রথমে লাগোয়া বাগানে খালি পায়ে দাঁড়িয়ে দেশের মাটি স্পর্শ করেন এবং এক মুঠো মাটি হাতে তুলে নেন।
বিমানবন্দর থেকে ভিআইপি গেট দিয়ে বের হওয়ার পর তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে সালাম দেন। এরপর তিনি পূর্বনির্ধারিত বাসে চড়ে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজন করা গণসংবর্ধনার সমাবেশস্থলে রওনা দেন। বাসটির গায়ে লেখা রয়েছে, ‘সবার আগে বাংলাদেশ’।
বিমানবন্দরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা তারেক রহমানকে স্বাগত জানান। ইমিগ্রেশন শেষে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান বিমানবন্দর থেকে বের হয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রওনা হন।
ঢাকা পৌঁছানোর সময় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ১১টা ৪০ মিনিটে অবতরণ করে।