নির্বাসনের ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে রাজধানীর ৩০০ ফিট এলাকা মুহূর্তেই স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে। দলের পতাকা, ব্যানার ও পোস্টার হাতে নেতাকর্মীরা এক অনন্য উচ্ছ্বাসের পরিবেশ তৈরি করেছেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা ৪২ মিনিটে ঢাকায় পৌঁছান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই তিনি সমাবেশ বা সংবর্ধনাস্থল হিসেবে নির্ধারিত ৩০০ ফিট মঞ্চে উপস্থিত হবেন।
মঞ্চে ইতিমধ্যেই বিএনপির বিভিন্ন শীর্ষ নেতারা আসীন হয়েছেন। ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে লাখো নেতাকর্মী এক নজরে তারেক রহমানকে দেখার জন্য অপেক্ষা করছেন। বীরের মতো ভঙ্গিতে দেশে ফেরার এই মুহূর্তকে কেন্দ্র করে এলাকার বাতাসে “তারেক রহমান বীরের বেশে ফিরে এলেন”, “তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে” ইত্যাদি স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে।
দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে সংবর্ধনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্বে রয়েছেন।