সংবর্ধনা গ্রহণ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তিনি জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিমানবন্দর ত্যাগ করার পর লাল ও সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তারেক রহমান ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে যা ৩০০ ফিট রোড নামেও পরিচিত—অতিক্রম করে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার উদ্দেশে রওনা হন। পথে তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।
বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি সংবলিত ছিল। বাসের সামনের অংশে ‘বাংলাদেশ’ স্লোগান লেখা দেখা যায়।
এদিকে বিমানবন্দরে বিপুলসংখ্যক মানুষ, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত হয়ে তারেক রহমানের বাসকে হাত নেড়ে স্বাগত জানান। পাশাপাশি রাস্তার দুই পাশে অবস্থান নেন নেতা-কর্মী ও সমর্থকরা। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা দেখা যায়।