দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) ইতোমধ্যে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন তারেক রহমান। পোস্টে তিনি লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”
জানা গেছে, সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। ফ্লাইটটি সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।
দীর্ঘ প্রায় দেড় যুগ পর তার দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দর, ৩০০ ফিট এলাকা, গুলশানসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।