বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সরকারিভাবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) চাওয়া হয়নি বলে দাবি করেছেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) শামসুল ইসলাম।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শামসুল ইসলাম বলেন, তারেক রহমানের নিরাপত্তার জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে। বর্তমানে যতটুকু নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তার চেয়ে অনেক বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে যে আলোচনা চলছে, তার সঙ্গে এসএসএফ চাওয়ার কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে তার মায়ের সংকটকালেও দেশে ফিরতে না পারার প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার পর এ বিষয়ে নতুন করে গুঞ্জন ছড়ায়।
এরই মধ্যে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে আলোচনা শুরু হলে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু গণমাধ্যমে তার নিরাপত্তায় এসএসএফ চাওয়ার বিষয়টি উঠে আসে। তবে এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা।