| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৫ ডিসেম্বরের অপেক্ষায় দেশ…

  • আপডেট টাইম: 24-12-2025 ইং
  • 236678 বার পঠিত
২৫ ডিসেম্বরের অপেক্ষায় দেশ…

হাফিজুর রহমান

রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের নির্বাসিত জীবনের ইতি ঘটিয়ে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে ৬ হাজার ৩০৯ দিন নির্বাসিত জীবনের অবসান ঘটবে। 

আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশবাসীর দৃষ্টি থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্বাচলের বিশাল মঞ্চের দিকে। দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে বরণ করতে প্রস্তুত বিএনপি। এখন ঢাকামুখী লাখ লাখ মানুষ। দেশজুড়ে বইছে উৎসবের আবহ। যেন এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হচ্ছে দেশ।

তারেক রহমানের সংবর্ধনায় বিএনপি ‘শক্তির মহড়া’ দেখাবে বলে অনেকেই মনে করছেন। বিপুল লোকসমাগম ঘটবে—এমনটি মাথায় রেখে নানামুখী প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটি এরই মধ্যে বিভিন্ন কমিটিসহ সার্বিক নিরাপত্তায় নিজস্ব উদ্যোগে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছে। বিশাল জনসভার কারণে মানুষের স্বাস্থ্যগত বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে বিএনপির চিকিৎসক সংগঠন- ড্যাব।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স ও সংবর্ধনার স্থানের প্রবেশমুখে এবং আশপাশে ৩টি মেডিকেল বুথ থাকবে। যেখান থেকে যে কেউ প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী এক অভূতপূর্ব জাগরণ তৈরি হয়েছে। দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—সব প্রান্তের লাখো নেতাকর্মী এখন ঢাকামুখী। বাস, ট্রেন, লঞ্চ কিংবা নিজস্ব ব্যবস্থাপনায়—যে যেভাবে পারছেন, প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজধানীতে জড়ো হচ্ছেন।

দেশে ফেরার প্রস্তুতি সেরেছেন তারেক রহমান: তারেক রহমানের দেশে ফেরার সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তিনি ট্রাভেল পাস হাতে পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। এই ফ্লাইটে তারেক রহমানের পাশাপাশি আরও পাঁচ সফরসঙ্গীর টিকিট বুকিং দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪