| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

  • আপডেট টাইম: 24-12-2025 ইং
  • 237399 বার পঠিত
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ উপলক্ষে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের আগমন ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকের পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পর্যাপ্তসংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের যাতায়াতের সময় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পাশাপাশি তাঁর বাসভবন ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিমও প্রস্তুত থাকবে।

ডিএমপি সূত্র জানায়, স্বদেশ প্রত্যাবর্তনের দিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও পুরো মহানগর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।

এদিকে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে বড় ধরনের জনসমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জনশৃঙ্খলা বজায় রাখতে বিএনপির পক্ষ থেকে নেতা-কর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তার সার্বিক দায়িত্বে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। তাঁর নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করবে।

উল্লেখ্য, প্রায় দেড় যুগ পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪