| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়াশার চাদরে ঢাকা তেঁতুলিয়া, বেড়েছে শীতের দাপট

  • আপডেট টাইম: 21-12-2025 ইং
  • 238335 বার পঠিত
কুয়াশার চাদরে ঢাকা তেঁতুলিয়া, বেড়েছে শীতের দাপট

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দাপট আরও বেড়েছে। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহের পর শনিবার তাপমাত্রা কিছুটা বাড়লেও রোববার আবারও তাপমাত্রা কমে গেছে। এর সঙ্গে বেড়েছে আর্দ্রতা ও ঘন কুয়াশা।

রোববার ( ২১ ডিসেম্বর ) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯৯ শতাংশ। ভোর থেকে সকাল পর্যন্ত পুরো এলাকা ঘন কুয়াশায় ঢাকা থাকায় সড়ক ও খোলা জায়গায় দৃষ্টিসীমা কমে যায়। কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দিনমজুর সোনা মিয়া জানান, সকালে কাজে বের হলে শীতের তীব্রতায় হাত-পা অবশ হয়ে আসে, কাজ করাও হয়ে পড়ে কষ্টকর।

ভ্যানচালক জরিফুল বলেন, ভোরে কুয়াশার কারণে রাস্তা স্পষ্ট দেখা যায় না, ধীরে চলতে হয়, যাত্রীও কমে গেছে।

ঢাকা-পঞ্চগড় মহাসড়কে চলাচলকারী ট্রাকচালকেরাও পড়েছেন বিপাকে। ট্রাকচালক বাবুল হোসেন জানান, হেডলাইট জ্বালিয়েও সামনে ঠিকভাবে দেখা যায় না, তাই দুর্ঘটনা এড়াতে খুব ধীরগতিতে গাড়ি চালাতে হচ্ছে।

এর আগের দিন শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা না থাকলেও শীতের অনুভূতি কমেনি। ওইদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

চলতি শীত মৌসুমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গত ১১ ডিসেম্বর, সেদিন পারদ নেমেছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে—যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আর্দ্রতা বেশি থাকায় শীতের তীব্রতা বাড়ছে এবং ডিসেম্বরের শেষ দিকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪