জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হত্যার হুমকির ঘটনায় অভিযুক্ত ইসরাত রায়হান অমিকে গ্রেফতার করেছে হাতিয়া থানা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হুমকি ও উসকানিমূলক বক্তব্য ঘিরে এলাকায় তৈরি হয়েছিল চরম উত্তেজনা।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দরোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসরাত রায়হান অমি চরইশ্বর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে।
পুলিশ জানায়, ইসরাত রায়হান অমির বিরুদ্ধে আগে থেকেই হাতিয়া থানায় তিনটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্নভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে আসছিলেন।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। এ সময় তিনি একজন এনসিপি কর্মীর কাছে মেসেঞ্জারের মাধ্যমে হুমকিমূলক ও উসকানিমূলক বার্তা পাঠান। বার্তায় সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে গ্রেফতারের চেষ্টা করা হলে হান্নান মাসউদসহ অন্যান্য নেতাদের হাতিয়ার উত্তরাঞ্চলে চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে ‘রুপক নন্দী’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সরাসরি হান্নান মাসউদকে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দেওয়া হয় এবং তাকে হাতিয়ায় নিষিদ্ধ করার ঘোষণাও দেওয়া হয়।
এই ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) সাইফুল আলম বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও হুমকির বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।