বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে এদিন বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে একটি আনুষ্ঠানিক কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান।
দেশে ফেরার আগে এটিই হবে লন্ডনে তারেক রহমানের শেষ রাজনৈতিক কর্মসূচি। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
লন্ডনের স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তারেক রহমান। সময়স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন রাখা হয়নি।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের সম্ভাব্য শেষ জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে যাওয়ার পথে নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন।
২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেফতার হন। পরবর্তীতে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।