তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া । হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় তেঁতুলিয়ার তাপমাত্রা ৯ ডিগ্রিতে স্থির রয়েছে টানা ছয় দিন ধরে। ফলে তীব্র শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ । গত কয়েকদিন শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় সকালে ঝলমলে রোদের দেখা মিললেও নেই উত্তাপ । ফলে দুর্ভোগ শুরু হয়েছে নিম্ন আয়ের মানুষের জীবন ধারণে।
শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোয় প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় লক্ষ করা যাচ্ছে তাদের মধ্যে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ।
তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, ছয় দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রিতে স্থির রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ রেকর্ড করা হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।