তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন ওরফে বিথীকে কুমিল্লা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সোমবার ( ১৫ ডিসেম্বর ) বিকেলে কুমিল্লা নগরের জেলখানা মোড় এলাকা থেকে খাদিজা ইয়াসমিনকে আটক করা হয়। পরে রাতেই তাকে ঢাকা মহানগর গোয়েন্দা—ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, খাদিজা ইয়াসমিন কুমিল্লায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলখানা সড়ক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় তাকে আটক করা হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। গত ৫ ডিসেম্বর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। বাবার সঙ্গে দেখা করতেই খাদিজা ইয়াসমিন সোমবার কুমিল্লায় আসেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সূত্রটি আরও জানায়, অপরাধ চক্রের সঙ্গে আর্থিক লেনদেন এবং পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে খাদিজা ইয়াসমিনের সম্পৃক্ততা থাকতে পারে। এ ছাড়াও অন্য কোনো অপরাধে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।