| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

  • আপডেট টাইম: 15-12-2025 ইং
  • 241960 বার পঠিত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাগর নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার ( ১৪ ডিসেম্বর ) রাতে রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাগর গ্রিন বাংলা হাউজিং এলাকার বাসিন্দা ফায়েক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার মাথায় এবং অপরটি হাঁটুতে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার সহকারী উপপরিদর্শক গৌতম জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে এলাকাবাসীর একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনার বিষয়টি জানান। পরে ৯৯৯ কর্তৃপক্ষ থেকে থানা পুলিশকে অবহিত করা হয়।

রূপসা থানার উপপরিদর্শক সৌরভ দাশ বলেন, আমরা রাতে জাবুসা এলাকায় ডিউটিতে ছিলাম। থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার চেষ্টা করি। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের পরিবার এখানে জমি কিনে নতুন বাড়ি করেছেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রূপসা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আব্দুর রাজ্জাক মীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহত যুবককে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার রহস্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪