ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির উপর বৃহস্পতিবার সংঘটিত হামলাকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর হামলা হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার ( ১৩ ডিসেম্বর ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাউদ্দিন বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনের তফসিল ঘোষণার পরই একজন সম্ভাব্য সংসদ প্রার্থীর ওপর হামলা হয়েছে। হামলার ধরন পেশাদারিত্বের পরিচয় বহন করছে।
তিনি আরও বলেন, আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখব। রাজনৈতিক বিতর্ক থাকবেই, তবে আমরা ঐক্য বিনষ্ট করতে দেব না। জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা আমরা সামনে তুলে ধরব।
সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদ এই জাতীয় হামলার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করতে পারবে না।
এদিকে, দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন আহমদ বলেন, “সরকারকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। দলীয়ভাবে এবং সরকারকেও বোঝানো হবে যাতে তার নিরাপত্তা নিশ্চিত হয়।
গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।