কেরানীগঞ্জের জমেলা টাওয়ারের একটি ১২ তলা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে জমেলা টাওয়ার নামের ওই ভবনে আগুন লাগে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে এই আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টা ৩৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ইনচার্জ শাহজাহান জানান, ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভবনের নিচতলায় আগুন লাগায় দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে, এতে ভবনের ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।