ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতিতে ‘নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই গণতান্ত্রিক উত্তরণে দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের দীর্ঘ লড়াই-সংগ্রাম রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব রাজনৈতিক দল অংশ নেবে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচনটি হবে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য।
বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপির কোনও শঙ্কা ছিল না। তার ভাষায়, “বিএনপি বরাবরই বলেছে—সংকট উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন। সেই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি।”
তিনি দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।