মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। বুধবার রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। দুটি ভূমিকম্পই মৃদু ছিল।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পাঠানো বার্তায় জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে, যার স্থানাঙ্ক অক্ষাংশ ২৪.৮৩° উত্তর এবং দ্রাঘিমা ৯১.৮৩° পূর্ব। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব ২১৬ কিলোমিটার বলে জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এতে বলা হয়, ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটে বিয়ানীবাজারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫। এছাড়া ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল মৌলভীবাজারের বড়লেখা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩।