রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের রাস্তা অবরোধের ফলে ফার্মগেট এলাকা দিয়ে আপাতত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সাকিবুল হাসান রানা (সেশন ২০২৪–২৫), তিনি কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাস্তায় নেমে সহপাঠী হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে প্রায় ঘন্টাব্যাপী ফার্মগেটের গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে রাখেন, এতে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ( ওসি ) ক্যশৈনু জানান, আমরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই আছি। তারা সহপাঠীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। সড়ক অবরোধ তুলে নিয়ে কলেজের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, বিক্ষোভের কারণে ফার্মগেট ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
এর আগে, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন সাকিবুল হাসান রানা, হৃদয় আহমেদ (সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (সেশন ২০২৫–২৬)। আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে বুধবার মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকিবুল মারা যান বলে নিশ্চিত করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিন।
নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, সাকিবুলের মৃত্যুতে তারা শোকাহত ও ক্ষুব্ধ। দ্রুত দায়ীদের গ্রেপ্তার ও বিচার না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।