| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়াশাচ্ছন্ন শীতে শিশির বিন্দু আর সূর্যের লুকোচুরি খেলা

  • আপডেট টাইম: 10-12-2025 ইং
  • 253155 বার পঠিত
কুয়াশাচ্ছন্ন শীতে শিশির বিন্দু আর সূর্যের লুকোচুরি খেলা

অগ্রহায়ণের শীত বাড়তেই বদলে যাচ্ছে প্রকৃতির রূপ। হিমালয়ের পাদদেশ ঘেঁষা নীলফামারীর জনপদে ভোরবেলা দেখা মিলছে অপার্থিব সৌন্দর্যের। কুয়াশার আস্তরণ ভেদ করে সূর্যের ম্লান সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে মোহময় আলো, আর ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু ঝলমল করছে মুক্তোর মতো।

নীলফামারীর ভোর যেন আজ অন্যরকম। কুয়াশা, শিশির আর সূর্যের লুকোচুরি খেলায় শীতের সকাল হয়েছে রহস্যে ভরা, আবার একই সঙ্গে মনকাড়া সুন্দর। পথঘাট জনমানবশূন্য, চারদিকের নিস্তব্ধতা যেন প্রকৃতির গভীর ঘুমের জানান দিচ্ছে।

দূরের গাছপালা কুয়াশার চাদরে ঢেকে নিয়েছে রহস্যময় অবয়ব। সূর্যের কোমল আলো শিশিরবিন্দুতে প্রতিফলিত হয়ে তৈরি করছে এক জ্বলজ্বলে মায়াজাল। প্রকৃতি যেন নিজেই সাজিয়েছে নিজেকে অলঙ্কারে। এমন দৃশ্য দেখে মনে পড়ে কবি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’র প্রকৃতির সেই বর্ণনা।

পথচারী সুমাইয়া আক্তার বলেন,আমরা প্রতিদিনই ভোরবেলা হাঁটতে বের হই, তবে শীতের সকালে প্রাকৃতিক দৃশ্য একটু বেশি ভালো লাগে।

শিক্ষক রুবেল শাহ বলেন, শীতের সকালে প্রকৃতিকে দেখতে একটু বেশি ভালো লাগে। কবি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’র কথাই মনে করিয়ে দেয়।

প্রকৃতিপ্রেমী মিঠু দে বলেন, প্রতিদিনই ভোরে হাঁটতে বের হই। এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে শরীর ও মন সারাদিন ভালো থাকে।

কনকনে ঠান্ডা, শিশিরবিন্দুর ঝিকিমিকি আর কুয়াশার চাদরে মোড়া নীলফামারীর এ সকাল শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয় এটি যেন জীবন্ত এক কবিতা। শীতের রোমাঞ্চ আর সৌন্দর্য সব মিলিয়ে তৈরি করছে এক অনন্য ভোরের অনুভূতি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪