বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শনিবার ( ৬ ডিসেম্বর) খালেদা জিয়ার স্বাস্থ্য–পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা চলছে। এয়ার অ্যাম্বুল্যান্স সম্পূর্ণ প্রস্তুত আছে। তবে তার শারীরিক অবস্থা উপযুক্ত হলেই বিদেশ নেওয়ার সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও জানান, গত ছয় বছর ধরে প্রতিকূল পরিবেশেও মেডিকেল বোর্ড নিষ্ঠার সঙ্গে তার চিকিৎসা করে আসছে।
তিনি বলেন, চিকিৎসা সমন্বয়ের কাজে ডা. জুবাইদা রহমান নিয়মিতভাবে সকাল–বিকেল বোর্ড মিটিংয়ে অংশ নিচ্ছেন। পরিবারের সদস্যরাও নিয়মিত অবহিত হচ্ছেন। খালেদা জিয়ার প্রতি সম্মান রেখে গুজব না ছড়িয়ে সবাইকে দোয়া করার আহবান জানান তিনি।
এদিকে শনিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে শাশুড়ির খোঁজ নিতে যান তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এর আগের দিন শুক্রবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকেই তিনি হাসপাতালে যান। দিনভর কয়েক দফা তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। তার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। কাতার কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। সিদ্ধান্ত মিললেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।
তিনি জানান, বর্তমানে খালেদা জিয়া সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।