| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি, এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

  • আপডেট টাইম: 04-12-2025 ইং
  • 258988 বার পঠিত
খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি, এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। সরকারের আনুষ্ঠানিক অনুরোধের পর কাতার খালেদা জিয়ার জন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে। দেশটির আমিরও এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়।

দিনের শুরুতেই কাতার জানায়, বেগম জিয়ার চিকিৎসার জন্য তারা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত। এর আগে, গত ২৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে কাতারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানান। তখনই কাতার ইতিবাচক সাড়া দিয়েছিল। আজ সেই সহযোগিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়নে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রিচার্ড বিল খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন।

গত বুধবার যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকায় পৌঁছে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়। রিচার্ড বিউলের নেতৃত্বে দলটি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার সার্বিক মূল্যায়ন করেছে এবং স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে প্রাথমিক আলোচনাও করেছে।

এদিকে বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। তিনি প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন এবং খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহবান জানান।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিজনিত দীর্ঘমেয়াদি জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪