| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

  • আপডেট টাইম: 02-12-2025 ইং
  • 259589 বার পঠিত
খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থার প্রেক্ষাপটে তাকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ভিভিআইপি ঘোষণা করেছে সরকার। তার চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। 

তিনি বলেন, হাসপাতালে খালেদা জিয়ার নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা এবং প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসায় পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দিনটি সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। একই সঙ্গে জাতির প্রতি তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানান উপদেষ্টারা।

এদিকে গুরুতর অসুস্থ খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বিষয়টি স্পষ্ট করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, লন্ডনে থাকা বিএনপি নেতা তারেক রহমান এখনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। তিনি বলেন, “চাইলেই তা দেওয়া হবে।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে পরিবার বা দল সিদ্ধান্ত নিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে ৩০ নভেম্বর তিনি জানিয়েছিলেন, দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই তারেক রহমানকে ‘ওয়ান টাইম পাস’ দেওয়া সম্ভব।

উল্লেখ্য, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর প্রায় ১৮ মাস কারাবন্দি ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর ১১ সেপ্টেম্বর পরিবারসহ লন্ডনে পাড়ি জমান এবং তখন থেকেই সেখানে বসবাস করছেন।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার চিকিৎসা ও তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরাসব মিলিয়ে রাজনৈতিক অঙ্গন এখন বেশ সরগরম।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪