খুলনার শিববাড়ী মোড়ে চলছে আট দলের বিভাগীয় সমাবেশ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি তুলে ধরতে এ সমাবেশের আয়োজন করেছে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। তারও আগে সকাল থেকেই খুলনা ও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন।
খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল জানান, দুপুর ১২টায় সমাবেশ শুরু হয়েছে এবং বিকেল ২টার দিকে জাতীয় পর্যায়ের নেতারা মঞ্চে উপস্থিত হবেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশের সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন,
নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান।
সমাবেশ শান্তিপূর্ণভাবে চললেও পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।