বগুড়ার শাহজাহানপুরে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
এর আগে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার খৈলশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সাত মাস বয়সের মো. সাইদ, দুই বছর বয়সের সাইফা ও তাদের মা সাদিয়া আক্তার।
জানা যায়, খৈলশাকান্দি গ্রামের ওই বাড়িতে শাহাদাৎ হোসেন-সাদিয়া দম্পত্তি দুই সন্তান নিয়ে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না উঠায় এবং ঘরের দরজা বন্ধ পেয়ে স্বজনরা ডাকাডাকি করেন। পরে দরজা খোলার পর তারা দেখেন মা ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে। এরপর তারা পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, তিন মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূ দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে।