| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা: নাটোরে কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 09-06-2026 ইং
  • 513 বার পঠিত
গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা: নাটোরে কর্মশালা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে নাটোরে "গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা" শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) নাটোর শহরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি হলরুমে নীডা সোসাইটি ও ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার (ডিএইচআরডি) নাটোরের আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনির্বাণ কনভেনশন (এইচআরডিএন)-এর সভাপতি প্রভাতী রানী বসাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান।

এসময়  অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, অনির্বাণ কনভেনশন (এইচআরডিএন)-এর কো-কনভেনারসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া কর্মশালায় নাটোর প্রেসক্লাবের সভাপতি শহিদুল হক সরকার, সাবেক সভাপতি ফারাজি রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সহ-সভাপতি   সুফি সান্টু,  সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক মুক্তার হোসেন, জুলফিকার হায়দার জোজেফ, কামাল মৃধা এবং জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনগণের অধিকার রক্ষায় কাজ করেন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরে সমাজে সচেতনতা সৃষ্টি করেন।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা না গেলে গণমাধ্যমের কার্যকর ভূমিকা বাধাগ্রস্ত হবে। তাই সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তথ্যপ্রাপ্তির অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখতে হবে।

কর্মশালায় মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা মত প্রকাশ করেন যে, মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি-অনিয়ম প্রতিরোধে সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আরও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা গণতন্ত্র, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

সুফি সান্টু/ আল রাজীব/ আয়না নিউজ



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪