উত্তর কোরিয়ায় পৌঁছানোর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং তার স্ত্রী রি সোল জু। ২০১৯ সালের পর এটি তার প্রথম উত্তর কোরিয়া সফর।
সোমবার (৮ জুন) সকালে বিবিসির প্রতিবেদনে বলা হয়, শি'র আগমন উপলক্ষে বিমানবন্দরে আগে থেকেই স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে থাকেন কিম। শি'র বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় অভ্যর্থনার আনুষ্ঠানিকতা।
চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রচারিত ফুটেজে দেখা যায়, বিমানবন্দরে লাল গালিচা বিছিয়ে অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে। কিম ও রি সোল জু হাসিমুখে করতালি দিয়ে অতিথিদের স্বাগত জানান। এ সময় লাল গালিচার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলো উত্তর কোরিয়ার সেনাসদস্যরা। বিমানবন্দর এলাকায় লাল গালিচা বিছানো ছিল এবং উত্তর কোরিয়ার সেনারা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গার্ড অব অনার প্রদান করে।
যদিও সিসিটিভির ভিডিওতে শি জিনপিং ও তার সফরসঙ্গীদের সরাসরি দেখা যায়নি, তবে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, শি ও কিম পরস্পরের সঙ্গে করমর্দন করেন। এছাড়া উত্তর কোরিয়ার শিশুদের একটি দল শি জিনপিং এবং তাঁর দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক এখন একটি নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে দাঁড়িয়ে আছে এবং দুই দেশ সময়ের নতুন দায়িত্ব বহন করছে।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে শি জিনপিং বলেন, দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করা হবে। তিনি চীন-উত্তর কোরিয়া সম্পর্ককে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
দুই নেতার বৈঠকের বিস্তারিত ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। তবে অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা ও কৌশলগত সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পর্যবেক্ষকদের মতে, লাল গালিচা সংবর্ধনা, সেনা কুচকাওয়াজ এবং পিয়ংইয়ংয়ের দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ককে আরও দৃশ্যমানভাবে তুলে ধরছে।
সূর্যয় / আয়না নিউজ