ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা। রোববার (২৪ মে) ভোররাত প্রায় চারটা থেকে শুরু হওয়া এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের কুমিল্লামুখী লেনে গজারিয়া অংশজুড়ে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা আটকে পরে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহন।
যানজটে আটকে পরা এক ট্রাকচালক বলেন, তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন। কিন্তু জামালদি বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকে আছেন। কখন গন্তব্যে পৌঁছাতে পারব, তা বলতে পারছি না। চোখে ঘুম, কী করব বুঝতে পারছি না। শুনেছি দাউদকান্দিতে দুর্ঘটনার কারণেই এই যানজট।
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সূর্যয় / আয়না নিউজ