খুলনার দাকোপ উপজেলায় র্যাবের হাতে আটক দুই আসামিকে স্থানীয় জনতা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় র্যাবের একটি গাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গেছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার পানখালী ইউনিয়নের খোনা গ্রামে এ ঘটনা ঘটে।
র্যাব সূত্রে জানা যায়, ওই এলাকার একটি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। তবে গ্রেপ্তারের পরপরই স্থানীয় কয়েক হাজার মানুষ র্যাব সদস্যদের ঘিরে ফেলে এবং তাদের অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে তারা জোরপূর্বক আটক দুই আসামিকে র্যাবের হেফাজত থেকে ছিনিয়ে নেয়।
এ সময় র্যাবের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে বলে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাস জমিতে চিংড়ি ঘেরের মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে এর আগে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। সর্বশেষ সংঘর্ষের ঘটনায় আব্দুল্লাহ ফকির নামের এক ব্যক্তি দাকোপ থানায় মামলা করেন।
ওই মামলার ভিত্তিতেই শনিবার বাজার এলাকা থেকে রসুল গাজী ও ফারুক নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়ে এবং র্যাব সদস্যদের ঘিরে ধরে আসামিদের ছিনিয়ে নেয়।
এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আসামিদের পুনরায় গ্রেপ্তারের জন্য র্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামিদের পুনরায় গ্রেফতার অভিযান চলছে।
হাফিজ/ আয়না নিউজ