রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনকালে হাতাহাতিতে জড়ানোর ঘটনায় ট্রাফিক পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বরখাস্ত হওয়া দুই কনস্টেবল হলেন দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান। শনিবার (২৩ মে) ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মইনুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড় এলাকায় পোশাক পরিহিত অবস্থায় দায়িত্ব পালন করছিলেন ওই দুই কনস্টেবল। ওই সময় সিগন্যাল চলাকালে একটি গাড়ি এক পাশ দিয়ে চলে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়, যার ফলে দুজনই সড়কে পড়ে যান।
ডিসি মো. মইনুল হক বলেন, সরকারি ইউনিফর্ম পরে দায়িত্ব পালনের সময় এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সহকর্মীদের মধ্যে মতবিরোধ বা কথা কাটাকাটি হতে পারে, তবে তা শৃঙ্খলার মধ্যে থাকা উচিত।
তিনি আরও বলেন, গরম আবহাওয়ায় দীর্ঘসময় ডিউটি করা কঠিন হলেও দায়িত্ব পালনের সময় এমন আচরণ শাস্তিযোগ্য অপরাধ।
এ ঘটনায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। তবে বিধি অনুযায়ী তারা প্রাপ্য সুবিধা পাবেন বলেও উল্লেখ করেন ডিসি।
হাফিজ/ হাফিজ