| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণপরিবহন চালকদের জন্য বিআরটিএর কঠোর সতর্কবার্তা

  • আপডেট টাইম: 23-05-2026 ইং
  • 4008 বার পঠিত
গণপরিবহন চালকদের জন্য বিআরটিএর কঠোর সতর্কবার্তা

গণপরিবহন চালকদের কর্মঘণ্টা মেনে চলার বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে নির্ধারিত সময়ের বাইরে যানবাহন না চালানোর নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। একই সঙ্গে নির্দেশনা অমান্য করলে চালকের লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) বিআরটিএর সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান মোটরযান আইন অনুযায়ী কোনো চালক একটানা সর্বোচ্চ পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। এরপর কমপক্ষে আধা ঘণ্টা বিশ্রাম নিতে হবে। বিশ্রামের পর আরও সর্বোচ্চ তিন ঘণ্টা গাড়ি চালানো যাবে। এ হিসেবে একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।

বিআরটিএ আরও জানায়, নির্ধারিত কর্মঘণ্টা লঙ্ঘন করে গণপরিবহন চালানো হলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই মালিক ও চালকদের নিয়ম কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪