দুই পা হারানোর পরও অসাধারণ সাহস ও দৃঢ় মনোবল দেখিয়ে ইতিহাস গড়েছেন রুশ পর্বতারোহী রুস্তাম নাবিয়েভ। কৃত্রিম পা ব্যবহার ছাড়াই কেবল দুই হাতের সাহায্যে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। এ অর্জনের মাধ্যমে পা-বিহীন অবস্থায় প্রথমবারের মতো এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালে একটি সামরিক ব্যারাক ধসে দুই পা হারান নাবিয়েভ। দীর্ঘ পুনর্বাসন ও সংগ্রামের পর তিনি পর্বতারোহণকে নিজের নতুন লক্ষ্য হিসেবে গ্রহণ করেন।
চলতি বসন্তকালীন অভিযানে নেপালে তিনি এভারেস্টে আরোহণ করেন এবং ২০ মে স্থানীয় সময় সকাল ৮টা ১৬ মিনিটে শৃঙ্গে পৌঁছান বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান। পরে তিনি শৃঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন, যেখানে লেখা ছিল—“যারা ভেবেছিল পতনের পর জীবন শেষ, এটি তাদের জন্য।”
তিনি জানান, এই সাফল্য তিনি বিশ্বের সব সমর্থক ও অনুসারীদের উৎসর্গ করেছেন এবং বার্তা দিয়েছেন—“যতক্ষণ জীবন আছে, লড়াই চালিয়ে যেতে হবে।”
এভারেস্ট বেস ক্যাম্পের সমন্বয়কারী খিম লাল গৌতমও তার শৃঙ্গে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে তিনি নিরাপদে বেস ক্যাম্পে ফিরে আসেন।
নাবিয়েভের এই সাফল্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার সাহস, অধ্যবসায় ও মানসিক শক্তিকে “অবিশ্বাস্য অনুপ্রেরণা” হিসেবে উল্লেখ করেছেন।
হাফিজ/ আয়না নিউজ