| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামিসা হত্যার প্রতিবাদে উত্তাল পল্লবী, কুলখানির জন্য ঢাকা ছাড়লেন বাবা-মা

  • আপডেট টাইম: 22-05-2026 ইং
  • 7051 বার পঠিত
রামিসা হত্যার প্রতিবাদে উত্তাল পল্লবী, কুলখানির জন্য ঢাকা ছাড়লেন বাবা-মা

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার আট বছরের শিশু রামিসা আক্তারের মৃত্যুকে ঘিরে এখনও থামেনি মানুষের ক্ষোভ ও শোক। শুক্রবার (২২ মে) সকাল থেকেই পল্লবীর সেকশন-১১ এলাকায় রামিসাদের বাসার সামনে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

প্রতিবাদকারীদের হাতে ছিল ‘রামিসার হত্যাকারীর ফাঁসি চাই’, ‘শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই’সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। পুরো এলাকায় ছিল শোকাবহ ও থমথমে পরিবেশ। স্থানীয়রা বলেন, এমন ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।

মানববন্ধনে অংশ নেয়া লামিয়া খানম নামে এক নারী বলেন, নিজের সন্তানদের নিয়েই এখন আতঙ্কে আছি। একটি শিশুকে এত নির্মমভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এদিকে সন্তান হারানোর শোকে এখনও ভেঙে পড়েছেন রামিসার মা-বাবা। শুক্রবার দুপুরে মেয়ের কুলখানি ও মিলাদে অংশ নিতে তারা মুন্সীগঞ্জের সিরাজদিখানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। যাওয়ার সময় বাসার সামনে উপস্থিত মানুষের কান্না ও সান্ত্বনার শব্দে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে সিরাজদিখানের পারিবারিক কবরস্থানে রামিসাকে দাফন করা হয়। দাফনের সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। রামিসার মা এখনও মেয়ের জামাকাপড় ও ব্যবহৃত জিনিসপত্র জড়িয়ে কাঁদছেন। বাবা আব্দুল হান্নান মোল্লাও মেয়ের স্মৃতিচারণ করতে গিয়ে বারবার ভেঙে পড়ছেন। কয়েকদিন আগে মেয়ের জন্য কেনা একটি বোরকা আর পরা হয়নি রামিসার।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ বাসার পাশ থেকে নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা। পরে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গোপনের চেষ্টা করেন। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪