রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানান তিনি।
বৃহস্পতিবার (২১ মে) নিজের ফেসবুক পোস্টে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে তমা লেখেন, ধর্ষণকারীর বিচার হবে; ধর্ষণের শিকার যে, তার জানাজার আগে, এমন বিচার হবে যে- এসব নিকৃষ্ট অসুস্থ মস্তিষ্কের অপরাধীরা অপরাধ করার চিন্তা সপ্নেও ভাবতে পারবে না। শুধু তাই নয়, ধর্ষণ মামলায় অভিযুক্তদের পক্ষে আইনজীবীরা দাঁড়ানো নিয়েও তীব্র প্রকাশ করে লেখেন, কিসের তদন্ত, কিসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল? কিসের সময়ক্ষেপণ?
অভিনেত্রী নিহত রামিসাকে নিজের বোন মনে করে বলেন, রামিসা আমার বোন, আপনার বোন। আমাদের বোনের হত্যাকারীর বিচার চাই।
উল্লেখ্য, শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে আসামি জানিয়েছে, ঘটনার আগে সে ইয়াবা সেবন করেছিলো।
সূর্যয় / আয়না নিউজ